যশোরের মনিরামপুরের রাজগঞ্জ ঝাঁপা বাঁওড়ে সাঁতার কাটতে নেমে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মনিরামপুর এবং খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজে নেমেছে। ওই শিক্ষার্থী যশোর সরকারি এমএম কলেজের ছাত্র বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা জানান, বৃহস্পতিবার সকালে যশোর থেকে দল বেঁধে রাজগঞ্জ বাজার সংলগ্ন ঝাঁপা বাঁওড়ের পশ্চিমপাড়ে পিকনিকে যান কলেজছাত্ররা। এরপর তারা জেলাপ্রশাসক ভাসমান সেতুর তীর হতে নৌকায় চড়ে বাঁওড় ভ্রমণে বের হন। নৌকাটি রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে তিন জন সাঁতার কাটতে বাওড়ে লাফিয়ে পড়েন। তাদের মধ্যে দুই জন তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ হন।
রাজগঞ্জ ক্যাম্পের এএসআই আজমল হোসেন বলেন, ‘বাঁওড়ে জাল ফেলে নিখোঁজ ছেলেটিকে উদ্ধারের কাজ চলছে। তার নাম পরিচয় জানা যায়নি।’
মনিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গেছে। নিখোঁজ ছাত্রকে উদ্ধারের কাজ চলছে।’









