গভীর শ্রদ্ধার সঙ্গে ভাষা শহীদদের স্মরণ করেছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, ‘বাঙালি জাতি রক্তের বিনিময়ে বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছে। বিশ্বের সব জাতি বাংলা ভাষাকে সম্মান করে। ভাষার জন্য রফিক, সালাম, জব্বার ও বরকতসহ যেসব শহীদ রক্ত দিয়েছেন, তাদের ঋণ কখনও শোধ করা সম্ভব নয়। রক্ত দিয়ে তারা মায়ের ভাষা প্রতিষ্ঠা করেছেন। দেশ যতদিন থাকবে, ভাষা শহীদরা ততদিন বেঁচে থাকবেন।’
রবিবার (২১ ফেব্রুয়ারি) যশোর সরকারি মহিলা কলেজে শহীদ মিনার উদ্বোধন, ভাষা দিবসের আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
কাজী নাবিল আহমেদ বলেন, ‘বাংলাকে আন্তর্জাতিক ভাষার স্বীকৃতি দিয়ে ইউনেস্কো বাঙালি জাতিকে সম্মানিত করেছে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিকভাবে এই স্বীকৃতি দেওয়া হয়। ২১ ফেব্রুয়ারিকে এখন সারা বিশ্বে ভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে।’
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আহসান হাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. আব্দুর রশিদ ও শিক্ষক পরিষদের সম্পাদক হুমায়ুন কবির এবং অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন প্রফেসর মর্জিনা আক্তার।
সভার পর এমপি নাবিল আহমেদ শহরের কারবালা কবরস্থানে সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটোর কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, সদস্য এসএম রবি সিদ্দিকী, রাজিবুল আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুল কবির বিজু, সাজেদুল হক রিপন, সোলাইমান খান রাফেল, শহীদুজ্জামান শহীদ, ফয়সাল খান, তরিকুল ইসলাম জনি, সাঈদ সরদার, ইমরান হোসেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্রলীগের হল সভাপতি বিপ্লব দে শান্ত প্রমুখ।








