যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে সব ধরনের পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। ট্রাক ও ট্যাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশন ডিজেলের বর্ধিত মূল্য পুনর্বিবেচনাসহ তিন দফা দাবিতে এ কর্মবিরতি পালন করছে।
সোমবার বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সেক্রেটারি আজিম উদ্দিন গাজি বলেন, ‘ঢাকা ট্রাক ও ট্যাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশন আমাদের জানিয়েছে, ডিজেলের মূল্য পুনর্বিবেচনাসহ তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত পণ্যবাহী ট্রাক চলবে না। আমরা সে অনুয়ায়ী শুক্রবার থেকে কর্মবিরতি পালন করছি। বেনাপোল বন্দরে পণ্য লোড হচ্ছে। তবে ফেডারেশন থেকে নির্দেশনা না আসা পর্যন্ত পণ্যবাহী ট্রাক এই স্থলবন্দর ছেড়ে যাবে না।’
তাদের দাবিগুলো হলো– ১. জ্বালানি তেলের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি করা হয়েছে, এটি পুনর্বিবেচনা করা। ২. যমুনা ও মুক্তাপুর সেতুর বর্ধিত টোল প্রত্যাহার। ৩. দেশের সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর পণ্যবাহী পরিবহন থেকে যে টোল নেয় তা বন্ধ করতে হবে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, পণ্যবাহী ট্রাক না ছাড়লেও বন্দরের অভ্যন্তরে লোড-আনলোডসহ আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলছে।









