নাব্য সংকটের কারণে মোংলা বন্দরের জেটিতে ভিড়তে পারছে না বিদেশি বাণিজ্যিক জাহাজ। এ জন্য রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের আমদানি করা মালামাল নিয়ে গত দুই দিন ধরে বন্দরের ফেয়ারওয়ে এলাকায় অবস্থান করছে বিদেশি জাহাজ এমভি এসটিএল হারভেস্ট।
মঙ্গলবার জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কিউএনএসের খুলনার ম্যানেজার মো. নাজমুল জানান, পানামার পতাকাবাহী এমভি এসটিএল হারভেস্ট ভারত থেকে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের তিন হাজার ৯শ’ মেট্রিক টন মালামাল নিয়ে সোমবার সকাল ৯টার দিকে মোংলা বন্দরের ফেয়ারওয়েতে আসে। কিন্তু বন্দর জেটিতে পর্যাপ্ত পরিমাণ গভীরতা না থাকায় জাহাজটি ফেয়ারওয়ে এলাকায় অবস্থান করছে। বন্দর জেটির শুধু নয় নম্বরে নাব্য রয়েছে। সেখানেও বর্তমানে আরও একটি জাহাজ রয়েছে। এ ছাড়া সাত ও আট নম্বরেও নাব্যতা সংকট রয়েছে। ফলে সময়মতো জাহাজটি জেটিতে আনতে পারছেন না বন্দর কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে আসা জাহাজটি জেটিতে আনতে না পারলে বিদ্যুৎকেন্দ্রের চলমান কার্যক্রম বিঘ্নিত হবে। আগামী ১৫ নভেম্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে আরও একটি বিদেশি জাহাজ এ বন্দরে আসবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন বলেন, ‘জেটিতে প্রতি বছরই ড্রেজিং করে নাব্য সংরক্ষণ করতে হয়। এবারও তা করতে গিয়ে নানা প্রতিবন্ধকতা সৃষ্টিতে বিলম্ব হচ্ছে। জেটির নয় নম্বরে নাব্য রয়েছে, সেখানে সাত মিটারের জাহাজ ভিড়তে পারছে। সেখানে বর্তমানে একটি জাহাজ রয়েছে। বাকি সাত ও আট নম্বরে ড্রেজিংয়ের জন্য ডাইক (বালু ফেলার স্থান) নির্মাণে বন্দরের নির্ধারিত জায়গা প্রস্তুত করতে গেলে সেখানে অবৈধ ধানক্ষেতের কারণে বিলম্ব হয়। আশা করছি, ডিসেম্বরের মাঝামাঝি এ সমস্যা আর থাকবে না ।’









