জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কেএম আলী আজম বলেছেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের দেশে সম্পদ খুবই সীমিত। তবে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানবসম্পদ। দেশকে উন্নত দেশের কাতারে দাঁড় করাতে এই সম্পদকে দক্ষ করে গড়ে তুলতে হবে। দেশকে নিজের মনে করে কাজ করতে হবে। জীবন একটাই,মানুষের জন্য কাজ করে যেতে হবে। যাতে মানুষ কর্মের কারণে মনে রাখে।’
শনিবার (১৩ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সচিব বলেন, ’ব্যক্তি মানুষের কোনও দাম নেই। কাজের মাধ্যমে তাকে পরিচিত করে তুলতে হবে। নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং আগামী প্রজন্মের প্রতি নজর দিতে হবে। তাদের সঠিক শিক্ষা দিতে হবে। যে শিক্ষা গুনগত মানসম্পন্ন মানুষ তৈরি করবে এবং তারা সমাজে ভূমিকা রাখতে পারে।’
তিনি আরও বলেন, ‘সাতক্ষীরা একটি অপার সম্ভবনার জেলা। এখানকার প্রধান সমস্যা জলাবদ্ধতা ও প্রকৃতিক দুর্যোগ। জলাবদ্ধতা অনেকটা ঠিক হচ্ছে। দুর্যোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে।তাহলে দুর্যোগে ক্ষয়-ক্ষতি অনেক কমানো সম্ভব হবে।’
জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ জোহর, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন প্রমুখ।









