কবে শুরু হবে খানজাহান আলী বিমানবন্দরের কাজ?

আবুল হাসান, মোংলা
০৯ জানুয়ারি ২০২২, ২৩:০১আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ২৩:০১

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের জুনে চালু হবে বহুল প্রত্যাশিত পদ্মা সেতু। খুলনা-মোংলা রেললাইন ছাড়াও চলমান রয়েছে অর্থনৈতিক অঞ্চলসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্প। এসব প্রকল্প ঘিরে এখানে বিনিয়োগ হচ্ছে কয়েকশ কোটি টাকা। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে বদলে যাবে  দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। তবে চলমান প্রকল্পের অন্যতম খানজাহান আলী বিমানবন্দর নিয়ে ধোঁয়াশা কাটছে না। কয়েক দফায় বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণ হলেও কবে নাগাদ মূল কাজ শুরু হবে তা বলতে পারছেন না কেউ।

প্রশ্ন উঠেছে কেন তাহলে এই বিমানবন্দরের জন্য কয়েকশ কোটির অর্থ বরাদ্দ দেওয়া হলো। আদৌ আলোর মুখ দেখবে খানজাহান আলী বিমানবন্দর?

জানা গেছে, ২০১৫ সালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ সংক্রান্ত প্রকল্পটি একনেকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বরাদ্দ দেওয়া হয় ৫৪৪ কোটি ৭৫ লাখ টাকা। তখন বিমানবন্দরের নির্মাণকাজ ২০১৮ সালের জুন মাস নাগাদ শেষ হবে বলে পরিকল্পনা করা হয়। কিন্তু এখনও বিমানবন্দরের মূল কাজ শুরু হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) এক কর্মকর্তা বলেন, ‘এই বিমানবন্দর নির্মাণে অর্থ জোগান কীভাবে হবে, তা ঠিক করতেই সময় বেড়েছে। এখন একটি মহল বিমানবন্দরের প্রয়োজনীয়তাই দেখছে না। প্রথমে বলা হয়েছিল, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে বিমানবন্দরটি নির্মিত হবে, সেটি না হওয়ায় পরে রাজস্ব খাতের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। কিন্তু অজ্ঞাত কারণে সেটি বাস্তবায়ন হচ্ছে না।’

খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্পের কাজে তত্ত্বাবধায়ক প্রকৌশলী তুষার রাজবংশী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি ফিল্ড ইঞ্জিনিয়ার। আমার কাছে যে কাজ আসে তা করছি। যেমন সীমানাপ্রাচীরের কাজ এসেছে; সেটির তত্ত্বাবধান করেছি। 

কেন মূল কাজটি বন্ধ রয়েছে সে বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে কিছুই বলতে পারবো না। ২০২০ সালের জুন মাসে জমি অধিগ্রহণ শেষ হয়েছে। এরপর এই সংক্রান্ত কোনও প্রকল্প বাস্তবায়ন হয়নি। বর্তমানে এই কাজের প্রকল্প পরিচালক নেই।’

খানজাহান আলী বিমানবন্দরের সীমানাপ্রাচীর নির্মাণ

বিভাগীয় শহর খুলনায় বিমানবন্দর নির্মাণের বিষয়টি আলোচনায় আসে সেই ষাটের দশক থেকে। তদানীন্তন পাকিস্তান আমলে ১৯৬১ সালে খুলনার মূল শহর থেকে ১৭ কিলোমিটার দূরে ফুলতলার মশিয়ালীতে বিমানবন্দর নির্মাণের জন্য স্থান নির্বাচন করা হয়। ১৯৬৮ সালে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে খুলনা শহর থেকে ১৩ কিলোমিটার দূরে বিল ডাকাতিয়ার তেলিগাতিতে স্থান নির্বাচন এবং জমি অধিগ্রহণও হয়। পরে সেই জমি বাতিল করে আশির দশকে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালিতে স্থান নির্ধারণ করা হয়। এরশাদ সরকারের আমলে তৎকালীন বিমানমন্ত্রী মরহুম কর্নেল এইচএম গাফফার খুলনা-মোংলা মহাসড়কের ওপর স্টল বিমান নামানোর ঘোষণা দেন। সর্বশেষ ১৯৯৬ সালে ৯৬ একর জমি অধিগ্রহণ করে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাগেরহাট জেলার রামপালে খানজাহান আলী বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। প্রাথমিকভাবে স্টলপোর্ট চালুর জন্য মাটি ভরাটসহ নানাবিধ কাজও সম্পন্ন হয়। পরে ২০১১ সালের ৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনায় খানজাহান আলী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ বিমানবন্দর করার ঘোষণা দেন। এই ঘোষণার পর নতুন করে আরও ৫৩৬ একর জমি অধিগ্রহণ করা হয়। ৫৪৪ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্প অনুযায়ী দেশি ও বিদেশি যৌথ উদ্যোগে এই প্রকল্প ২০১৮ সালের মধ্যে শেষ করার কথা। কিন্তু বাস্তবে সীমানাপ্রাচীর আর একটি সাইনবোর্ড ছাড়া কিছুই হয়নি।

এ প্রসঙ্গে রামপাল-মোংলা আসনের সাবেক সংসদ সদস্য খুলনার সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের প্রত্যাশা এই বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হবে। শুধু মোংলা-বাগেরহাটবাসীর জন্য নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিমানবন্দর হবে এটি। খানজাহান আলী বিমানবন্দর প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প। সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) প্রকল্পটি বাস্তবায়নের চেষ্টা করছে সরকার। তা না হলে পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ করা হবে।

/এএম/

/এএম/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী