বাগেরহাটের মোড়েলগঞ্জে বসতবাড়িতে ঢুকে স্বামী-সন্তানকে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ মার্চ) গভীর রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিদিনের মতো স্বামী-সন্তান ও ওই গৃহবধূ ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১ থেকে দেড়টার দিকে বসতঘরের সামনের দিকে সিঁধ কেটে চার মুখোশধারী ঘরে প্রবেশ করে। এরপর দেশীয় ধারালো অস্ত্রের মুখে স্বামী-সন্তানকে বেঁধে ফেলে। তারা প্রায় তিন ঘণ্টার মতো অবস্থান করে। তারা ওই গৃহবধূকে ধর্ষণের পর ঘরে থাকা নগদ পাঁচ হাজার টাকা, পৌনে দুই ভরি স্বর্ণালংকার ও ঘরে থাকা দুই বস্তা শুকনো সুপারি নিয়ে যায়। ভোরে ছেলে কৌশলে নিজের বাবার বাঁধনমুক্ত করে।
বুধবার (২ মার্চ) দুপুর ২টার দিকে মোড়েলগঞ্জ থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী, মোড়েলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনিয়া পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ দিন বিকাল সাড়ে ৪টার দিকে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা মিলেছে। ডাক্তারি পরীক্ষার জন্য গৃহবধূকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।









