যশোরের চৌগাছা উপজেলায় আব্দুল খালেক নামে এক কৃষকের তিনশ’ পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। সোমবার (১৪ মার্চ) রাতে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহজাদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
আব্দুল খালেক জানান, মঙ্গলবার (১৫ মার্চ) সকালে গাছের পরিচর্যা করতে গিয়ে দেখেন, ১৩ কাঠা জমিতে লাগানো পেয়ারা ও মাল্টা গাছ মাটিতে পড়ে আছে। তার ধারণা, সোমবার রাতের কোনও এক সময় শত্রুতা করে কেউ এই ক্ষতিসাধন করেছে।
অভাব-অনটনের সংসারে অনেক কষ্ট করে প্রায় চার বিঘা জমিতে পেয়ারা ও মাল্টা চাষ করেন আব্দুল খালেক। এ পর্যন্ত তার পাঁচ লাখ টাকার বেশি খরচ হয়েছে।
আব্দুল খালেক বলেন, ‘গত তিন মাস ধরে পেয়ারা বিক্রি করছি। প্রায় ৫০ হাজার টাকার পেয়ারা বিক্রি হয়েছে। এখন প্রতিটি গাছ ফুল আর ফলে ভরা। ১৩ কাঠা জমিতে থাকা প্রায় ৩শ’ গাছ ছিল। সব কেটে দিয়েছে। পেয়ারা গাছ একবার লাগালে চার বছর পেয়ারা বিক্রি করা যায়। সেই হিসাবে আমার পাঁচ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।’ এ ঘটনায় চৌগাছা থানায় অভিযোগ করবেন বলে জানান তিনি।
ধুলিয়ানী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার দাউদ হোসেন বলেন, খালেক খুব ভালো মানুষ। গ্রামে ফল-মূল চাষ করে জীবিকা নির্বাহ করেন। কে বা কারা কেন এই ক্ষতি করেছে, তা এখনও আমরা জানতে পারিনি।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, এমন কোনও ঘটনা আমার জানা নেই। কেউ কোনও অভিযোগ দেয়নি।








