চুয়াডাঙ্গায় ছাদ থেকে পড়ে আহাদ হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুন) বিকাল সাড়ে ৫টায় সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের বঙ্গজপাড়ায় এ ঘটনা ঘটে।
আহাদ ওই গ্রামের কম্পিউটার ব্যবসায়ী আরিফ হোসেনের ছেলে। সে দৌলতদিয়াড় ফজলুল উলুম ক্যাডেট স্কিম মাদ্রাসার ছাত্র।
স্বজনরা জানান, সবার অগোচরে বিকালে বাড়ির দ্বিতীয় তলার ছাদে চলে যায় আহাদ। সেখানে একাই খেলছিল। একপর্যায়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের চিকিৎসক তাহসিন সাদিয়া জানান, শিশুটির মাথায় প্রচণ্ড আঘাত লাগে। রক্তক্ষরণও হয়েছে। হাসপাতালে নেওয়ার আগেই সে মারা গেছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, কোনও অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।









