খুলনায় এক নারী বাসার সামনে থেকে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন তার কন্যারা। বুধবার (৩১ আগস্ট) খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মায়ের নিখোঁজ হওয়ার তথ্য তুলে ধরে আহাজারি করেন তারা।
এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ‘নিখোঁজ’ ওই নারীর মেয়ে মরিয়ম খাতুন।
তিনি বলেন, ৩৫ নং পুরাতন কুয়েট রোড মহেশ্বরপাশা উত্তর বানিক পাড়ার বাসিন্দা। ২৭ আগস্ট রাতে তার মা বাসার নিচে পানির কল থেকে পানি আনতে যান। প্রায় ঘণ্টা পেরিয়ে গেলেও মা বাড়িতে ফিরে আসেননি। ফিরে না আসায় বাড়ির সকলে উদ্বিগ্ন হয়ে পড়ে। বাড়ির সবাই তার সন্ধান করতে থাকি। কলের পাশে মায়ের পায়ের জুতা, গায়ের ওড়না ও পানির পাত্র পড়ে রয়েছে। কিন্তু তার মায়ের কোনও খোঁজ নেই। ওইদিন রাতে আমার ভাই দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরের দিন অজ্ঞাতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতিবেশিদের সঙ্গে আমাদের জায়গা জমি বিষয়ক মামলা হয়। মামলার বাদী ছিলেন আমার মা। মামলার কয়েকদিন আগে আমাদের বাড়িতে সন্ত্রাসী হামলা হয়। এ সময়ে আমাদের বাড়িতে সন্ত্রাসীরা ব্যাপক ভাংচুর ও তান্ডব চালায়। ঘটনার সময় ভিডিওচিত্র ধারণ করতে গেলে দুর্বৃত্তরা আমার মা ও এক বোনকে মারধর করে।
ওই ‘হামলার ঘটনায়’ তার মা বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেন উল্লেখ করে মরিয়ম বলেন, ‘এরপর থেকে আসামিরা ছোট বোনকে ধর্ষণসহ পরিবারের লোকজনকে বিভিন্ন ধরনের হুমকি দেয় তারা। ইন্টারনেট ব্যবহার করে তারা কল দিয়ে হুমকি দিতো। এ মামলার আসামিরা জামিনে, আর আমার মা নিখোঁজ রয়েছে।’ নিখোঁজের বিষয়টি প্রথমে থানায় অবগত ও পরে র্যাব ৬-কে জানানো হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে মাকে ফিরে পেতে সকলের সহযোগিতার অনুরোধ করেন নিখোঁজের সন্তানরা।









