চুয়াডাঙ্গায় জেলা পরিষদের ডাকবাংলো থেকে সাইফুল্লাহ বাহার (৪০) নামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ডাকবাংলোর একটি কক্ষের দরজা ভেঙে লাশ উদ্ধার করে পুলিশ।
সাইফুল্লাহ বাহার মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পূর্বভাকুম গ্রামের মুক্তার হোসেনের ছেলে। তিনি চুয়াডাঙ্গা বিআরটিএ কার্যালয়ে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, জেলা পরিষদের ডাকবাংলোতে একটি কক্ষ ভাড়া নিয়ে বাস করতেন সাইফুল্লাহ বাহার। আজ অফিসে না যাওয়ায় মোবাইল ফোনে কল করেন অন্য কর্মকর্তারা। ফোনে না পেয়ে ডাকবাংলোতে খোঁজ নেন। এ সময় তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে খোলা জানালা দিয়ে দেখা যায়, তিনি খাটের ওপর পড়ে আছেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা থেকে পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।
বিআরটিএ চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী জানান, রবিবার অফিস চলাকালীন সাইফুল্লাহ বাহার বলেন, জ্বর জ্বর লাগছে। পরে ছুটি নিয়ে বাসায় ফিরে যান। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। ফোনেও পাওয়া যায়নি।
জেরা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ‘সুরতহাল প্রতিবেদন শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।’









