খুলনায় ইয়াসিন আরাফাত (১৮) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে নগরীর ৩ নম্বর কাশেম সড়কের নুর মোহাম্মাদের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
ইয়াসিন বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার সোনাখাল গ্রামের বাসিন্দা ওবাইদুলের ছেলে। তিনি খুলনা শহরের পশ্চিমবানিয়া খামার এলাকার জিন্নাত ফকিরের বাড়িতে মামার সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের সান্ধ্য বাজারে মাছ বিক্রি করতেন ইয়াসিন। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় বাজারে যেতেন না। আজ সকালে ৩ নম্বর কাশেম সড়কে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন ইয়াসিন। এ সময় ১২ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই অস্ত্র দিয়ে বুকের তিন জায়গায় আঘাত করে। ইয়াসিন লুটিয়ে পড়লে তারা ইজিবাইকে উঠে গল্লামারীর দিকে চলে যায়। দ্রুত উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক যুবক বলেন, ‘হত্যাকারীরা ইয়াসিনের পূর্ব পরিচিত। তারা কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের সঙ্গে ইয়াসিনের পূর্ব শত্রুতা ছিল। এর জেরেই তাকে হত্যা করা হয়েছে।’
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, ১০০ টাকার লেনদেন নিয়ে এই হত্যাকাণ্ডটি ঘটে বলে শোনা যাচ্ছে। আবার কেউ বলছে, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। তবে হত্যায় জড়িতদের বয়স ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে। তাই তাদেরকে কিশোর গ্যাং বলা ঠিক না। তারা ইয়াসিনের পূর্ব পরিচিত। হত্যাকাণ্ডে জড়িতদের আটকে পুলিশের অভিযান চলছে।









