খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশের দিন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের অভিযোগে বিএনপির ৫৯ নেতাকর্মীর নাম উল্লেখসহ ২০০ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক কাজী মোবাক্ষের বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় দৌলতপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, সাবেক সাংগঠনিক সম্পাদক মুর্শিদ কামাল, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি কাজী নেহিমুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইমাম হোসেন, আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মতলেবুর রহমান মিতুলসহ ৫৯ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, শনিবার দুপুর ১টার দিকে আসামিরা ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হয়ে ভাঙচুর চালান।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি গ্রহণ করা হয়েছে। এখন তদন্ত ও আসামিদের গ্রেফতারের তৎপরতা চলছে।’
এর আগে খুলনা রেলস্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির ১৭০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। শনিবার (২২ অক্টোবর) রাতে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বাদী হয়ে রেলওয়ে থানায় এ মামলা করেন।









