স্বাধীন বাংলার প্রথম জনসভার ছবি তুলেছিলেন আব্দুল হামিদ

তৌহিদ জামান, যশোর
১১ ডিসেম্বর ২০২২, ১০:০০আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১০:০০

বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ১১ ডিসেম্বর একটি স্মরণীয় দিন। এই দিনে হানাদার বাহিনীর কবলমুক্ত যশোরে স্বাধীন বাংলার প্রথম জনসভা অনুষ্ঠিত হয়েছিল। যশোর ইনস্টিটিউটের ‌‘স্বাধীনতা উন্মুক্ত মঞ্চের’ সেই জনসভায় মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদ সবাইকে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন।

ওই জনসভায় ওয়াশিংটন পোস্ট, লন্ডনের ডেইলি টেলিগ্রাফ ও নিউইয়র্ক টাইমস পত্রিকার প্রতিনিধিসহ বহু বিদেশি সাংবাদিক উপস্থিত ছিলেন। দেশের একমাত্র ফটোসাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ রায়হান (৯১) তার ইয়াসিকা ৬৩৫ মডেলের ক্যামেরায় সেদিনের ঐতিহাসিক জনসভার ছবি তুলেছিলেন।

স্বাধীনতার ৫০ বছর পর যশোর জেলা পরিষদ এই মঞ্চটি সংরক্ষণে ৬০ লাখ টাকা ব্যয়ে পুনরায় নির্মাণ করেছে। রবিবার (১১ ডিসেম্বর) বিকালে ওই মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

জনসভায় মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদ সবাইকে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন

উদ্বোধনী অনুষ্ঠানে সেদিনের ফটোসাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ রায়হানকে সম্মাননা জানাবে যশোর ইনস্টিটিউট। এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো. আবুল কালাম আজাদ লিটু বলেন, ‌‌‘কুষ্টিয়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ রায়হান বাংলাদেশ ভলান্টিয়ার্স সার্ভিস কোরের (বিভিএসসি) আলোকচিত্রী হিসেবে যোগ দিয়ে ইতিহাস ধারণের এক নজির স্থাপন করেছেন। তাকে সম্মাননা জানানোর মাধ্যমে যশোরের মানুষ হিসেবে আমরা গৌরবান্বিত হবো।’

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য প্রধান অতিথি এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সম্মতি দিয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ রায়হান

শনিবার রাতে যশোর শহরের বারান্দীপাড়ায় মেয়ে তাছির ফারজানা টুম্পার বাসায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ রায়হানের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তিনি ১৯৩২ সালের ২২ সেপ্টেম্বর কুষ্টিয়া সদরের বুড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। সংসারের হাল ধরতে বেশি লেখাপড়া করা হয়নি। কুষ্টিয়া সিরাজুল হক মুসলিম হাই স্কুলে নবম শ্রেণি পর্যন্ত পড়েছেন। ১৯৬৯ সালে তিনি ক্যামেরা হাতে নেন। গড়ে তোলেন একটি ফটো স্টুডিও; যার নাম রূপান্তর। বর্তমানে ছেলে আব্দুল মান্নান শাহিন সেটি দেখভাল করেন।

ফটোসাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ রায়হান

সেদিনের ঐতিহাসিক জনসভার কথা মনে করে তিনি বলেন, ‘মুজিবনগর সরকারের হেডকোয়ার্টার্স ছিল কলকাতার থিয়েটার রোডে। ১১ ডিসেম্বর যশোর টাউন হল মাঠের জনসভায় প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী, কামারুজ্জামান, জহির রায়হান সাহেবদের আসার খবরে দুপুর থেকে মাঠে লোকজন আসতে শুরু করে। বিকাল ৪টার দিকে তারা জনসভাস্থলে পৌঁছান। মাঠ ছিল ছোট, জনসভায় সহস্রাধিক মানুষের উপস্থিতি ঘটে। তারা ভাষণ দিলেন, মানুষ সেগুলো শুনলো। সেই জনসভায় বিদেশি কয়েকজন সাংবাদিক এবং বাংলাদেশের একমাত্র আমিই উপস্থিত ছিলাম।’

তিনি বলেন, ‘ভাষণ শেষে তারা যখন চলে গেলেন, তাদের সঙ্গে আমিও যাই। কলকাতার ধর্মতলায় একটি স্টুডিও থেকে ছবিগুলো ওয়াশ করাই।  পরদিন জয়বাংলা পত্রিকায় ছবি ছাপা হয়। আমি সেই কাগজ নিয়ে দেশে ফিরে আসি। এরপর ১৩ ডিসেম্বর কুষ্টিয়ায় এবং ২০ ডিসেম্বর খুলনার সমাবেশে যোগ দিই।’

স্মৃতি রোমন্থন করে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ রায়হান বলেন, ‘১৯৭১ সালের মে মাসে আমি ভারতে যাই। ছিলাম কলকাতার করিমপুর মুক্তিযোদ্ধা ক্যাম্পে। সেখানে ২০০ জন করে মুক্তিযোদ্ধাকে ট্রেনিং দিয়ে দেশে পাঠানো হতো। ওই ক্যাম্পের পরিচালক ছিলেন গোলাম কিবরিয়া আর আমি ছিলাম সহকারী পরিচালক। ট্রেনিং শেষে আমি ভলান্টিয়ার্স সার্ভিস কোরে যোগ দিই। সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ পর্যন্ত ক্যাম্পে ক্যাম্পে গিয়ে ছবি তোলার কাজ করি। মুক্তিযুদ্ধ চলাকালে (আগে-পরে) পাঁচ শতাধিক ছবি তুলি। যার নেগেটিভ এখনও আমার স্টুডিওতে (কুষ্টিয়ার রূপান্তর ফটো স্টুডিও) সংরক্ষণ করা আছে।’

তিনি জানান, তার সেই সময়কার ছবি মুক্তিযুদ্ধ জাদুঘর, সামরিক জাদুঘর, দৃক গ্যালারি, বেঙ্গল গ্যালারি এবং লন্ডনেও রয়েছে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ রায়হান আরও বলেন, ‘৬ ডিসেম্বর যশোর মুক্ত হলো। আমিসহ গোলাম কিবরিয়া, বন্ধু ব্যারিস্টার আমিরুল ইসলাম ৮ ডিসেম্বর ভারত থেকে বেনাপোল হয়ে দেশে আসি। সেসময় দুপুরে খাবার খাই যশোর শহরের চিত্রা মোড়ে (যশোর শহরের প্রাণকেন্দ্র) একটি হোটেলে। তখন যশোরের রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল। সেসময় যুদ্ধবিধ্বস্ত যশোর শহর ও আশপাশের এলাকার বেশ কিছু ছবি তুলি। আমার তোলা একটি ছবি দেশ-বিদেশে বেশ প্রশংসিত হয়েছিল। ছবিটি ছিল যশোর শহরতলীর রাজারহাট পিকনিক কর্নারের পাশের একটি স্থানের। সেটি ছিল পাকিস্তানিদের ফেলে যাওয়া বোমা-শেলের মধ্যে বিবস্ত্র দুটি শিশুর খেলা করার ছবি।’

স্বাধীন বাংলার প্রথম জনসভা

১৯৭১ সালের ১১ ডিসেম্বর যশোর টাউন হল ময়দানে স্বাধীন বাংলার প্রথম জনসভা অনুষ্ঠিত হয়। হানাদারমুক্ত বাংলার প্রথম জনসভায় প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ জনতার উদ্দেশে বলেছিলেন, ‘আর ধ্বংস নয়, যুদ্ধ নয়। এই মুহূর্তে কাজ হলো যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলা।’ সেদিন তিনি সর্বস্তরের মানুষকে স্বাধীনতা যুদ্ধের চেতনায় দেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছিলেন।

যশোর স্বাধীনতা উন্মুক্ত মঞ্চ

জনসভায় অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামসহ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফনি ভূষণ মজুমদার, রওশন আলী, মোশাররফ হোসেন, তবিবর রহমান সরদার, এম আর আকতার মুকুল ও জহির রায়হান প্রমুখ।

জনসভায় প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ যশোরের তৎকালীন ডিসি ওয়ালি উল ইসলাম এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন ঘোষালকে নির্দেশ দেন, আইনশৃঙ্খলার যেন কোনও অবনতি না হয়।

একইসঙ্গে জনতাকে আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, ‘আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। অপরাধী যেই হোক তাকে আইনের হাতে সোপর্দ করবেন।’ বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) ডেপুটি প্রধান অ্যাডভোকেট রবিউল আলম ওই সমাবেশে ছিলেন। 

মুক্ত স্বদেশের মাটিতে অনুষ্ঠিত প্রথম এই জনসভার খবর সংগ্রহের জন্য উপস্থিত ছিলেন লন্ডনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকার সাংবাদিক পিটার গিল, নিউইয়র্ক টাইমস পত্রিকার সিডনি এস এইচ সানবার্গ, ওয়াশিংটন পোস্টের প্রতিনিধিসহ বহু বিদেশি সাংবাদিক। ১১ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে যশোরে আসেন।

সেদিনের স্মৃতিচারণ করে বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির বলেন, ‘আমরা বেশ উত্তেজিত ছিলাম। সকাল থেকে যশোর টাউন হল মাঠে অবস্থান করতে থাকি। নেতারা বেনাপোল দিয়ে যশোরে আসেন। আমরা কয়েকজন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামসহ নেতাদের সার্কিট হাউজের সামনে থেকে স্বাগত জানিয়ে সভাস্থলে নিয়ে আসি। প্রথম সেদিন তাদের গার্ড অব অনার দেওয়া হয়।’

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী