সাতক্ষীরায় ভুয়া এনজিও খুলে কোটি টাকা আত্মসাতের অভিযোগে হাবিবুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৬। মঙ্গলবার (০৩ জানুয়ারি) দুপুরে তাকে গ্রেফতারের কথা জানিয়েছেন র্যাব-৬-এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মোসতাক আহমদ। এর আগে সোমবার বিকাল ৫টার দিকে তাকে সাতক্ষীরা সদরের পলাশপুল এলাকা থেকে গ্রেফতার করা হয়।
লে. কর্নেল মোহাম্মদ মোসতাক আহমদ বলেন, ‘সাতক্ষীরা সদর থানা এলাকায় হাবিবুর রহমান (৩৫) তার কতিপয় সহযোগী নিয়ে ২০১৯ সালে ‘বনলতা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’ নামে একটি ভুয়া এনজিও খুলেছেন। অধিক লাভের কথা বলে স্থানীয় সাধারণ মানুষের কাছ থেকে প্রায় কোটি টাকা আত্মসাৎ করেন। বেশ কিছুদিন এনজিওর কার্যক্রম চালানোর পর অফিস বন্ধ করে লাপাত্তা হয়ে যান তারা। বিষয়টি নিয়ে এক ভুক্তভোগী র্যাব-৬-এর কাছে অভিযোগ দেন।’
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি অভিযানিক দল প্রতারক চক্রটিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে জানিয়ে মোসতাক আহমদ বলেন, ‘এরই ধারাবাহিকতায় সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পলাশপুল এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তাকে সাতক্ষীরা জেলা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’








