বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সাদা পোশাকে সাতক্ষীরার সাংবাদিক রঘুনাথ খাঁকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে তাকে তুলে নেওয়ার বিষয়ে কিছুই জানে না বলে দাবি করেছে পুলিশ।
সোমবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে সাতক্ষীরা পৌর শহরের পিএন হাইস্কুল এলাকা থেকে তাকে গাড়িতে তুলে নেওয়া হয়। রঘুনাথ খাঁ দীপ্ত টিভি ও প্রজন্ম একাত্তর পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি।
রঘুনাথ খাঁকে বহনকারী মোটরসাইকেলচালক আব্দুল কুদ্দুস জানান, রঘুনাথকে বহন করে রিপোর্টের জন্য দেবহাটার খলিষাখালী এলাকায় গিয়েছিলেন কুদ্দুস। সেখানে রঘুনাথ মোবাইলে কিছু ছবি তোলেন। ফিরে এসে বড়বাজারে বিভিন্ন পণ্য কেনেন। বাজার নিয়ে ফেরার পথে পিএন স্কুলের সামনে সাদা পোশাকে কয়েকজন পুলিশ পরিচয় দিয়ে গতিরোধ করেন। পরে তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে গাড়ি তুলে নিয়ে যান তারা।
খবর পেয়ে থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি। তবে কেউ স্বামীর খোঁজ দিতে পারছে না বলে জানিয়েছেন রঘুনাথের স্ত্রী সুপ্রিয়া রানি খাঁ। তিনি বলেন, ‘গত শনিবার রাতে একদল লোক আমাদের বাসায় এসে প্রথমে ডাকাডাকি করে। আমরা ভয়ে কোনও সাড়াশব্দ করিনি। একপর্যায়ে তারা ইট-পাটকেল ছুড়ে চলে যায়। আজ পুলিশ পরিচয়ে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি আবু জেহাদ ফখরুল আলম খান বলেন, ‘রঘুনাথ খাঁকে আটকের বিষয়ে আমার কাছে কোনও তথ্য নাই।’








