চৈত্রের শেষের দিকে এসে সূর্যের উত্তাপ বেড়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এই মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। কয়েকটি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি।
আজ বিকাল ৩টায় কুষ্টিয়ায় ৪০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি এই মৌসুমে এই জেলার সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড বলছে স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ অফিস। এদিকে তীব্র গরমে কাহিল হয়ে পড়েছেন মানুষ। বিশেষ করে দিনমজুরদের কষ্ট চরমে পৌঁছেছে।
কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, আজকের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। বুধবার জেলায় ৩৮ দশমিক ৬, মঙ্গলবার ৩৯ দশমিক ৩, সোমবার ৩৮ দশমিক ৫, রবিবার ৩৭ দশমিক ৯ ও শনিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন, বৃহস্পতিবার জেলায় এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলার তাপমাত্রা নির্ণয় করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। তবে বুধবার তাপমাত্রা কিছুটা কম ছিল।









