যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক কর্মচারী ও সহযোগীদের হাতুড়িপেটায় আব্দুল্লাহ আল মামুন নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
আহত আব্দুল্লাহ আল মামুন বিশ্ববিদ্যালয়ের নিউট্রেশন অ্যান্ড ফুড টেকনোলজি (এনএফটি) বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
আহত মামুন ও তার সহপাঠীরা জানান, পড়াশোনার পাশাপাশি মামুন বিশ্ববিদ্যালয়ের সামনে একখণ্ড জমি কিনে ফটোকপির দোকান চালিয়ে আসছেন। বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল ও তার লোকজন ওই জমিটির দখল নিতে চান। এ ঘটনায় মামলা করলে আদালত ওই জমিতে স্থিতাবস্থা জারি করেন। বিষয়টি জানার পর বাদল ও তার লোকজন বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে মামুনকে পেয়ে বিবাদে জড়ান। একপর্যায়ে বাদল, সিকিউরিটি গার্ড সাগরসহ কয়েকজন মামুনকে হাতুড়ি দিয়ে বেধড়ক পেটান। খবর পেয়ে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের লোকজন তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের সার্জারি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. সারিউল আলম বলেন, আহত শিক্ষার্থীর শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।
ওই শিক্ষার্থী অভিযোগ দিলে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনি ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা আব্দুর রশিদ অর্ণব।
এদিকে, এ ঘটনায় পুলিশ সিকিউরিটি গার্ড সাগরকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে বলে জানিয়েছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান। তিনি বলেন, সাগরের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








