ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে রবিবার (২৫ জুন) মোংলা বন্দরে পৌঁছাবে এমভি বসুন্ধরা ইমপ্রেস। ৩২ হাজার ১২১ মেট্রিক টন কয়লা নিয়ে গত ৩১ মে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছাড়ে জাহাজটি। আগামীকাল বিকাল ৫টায় কয়লাবাহী জাহাজটি মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার-১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়বে।
এরপর বিকাল ৬টায় কয়লা খালাস ও পরিবহনের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট। এর আগে চলতি মাসের ১০ জুন ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছিল চায়না পতাকাবাহী জাহাজ এমভি জে হ্যায়।
দেশীয় জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেড’র খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, গত ৩১ মে ৩২ হাজার ১২১ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে এমভি বসুন্ধরা ইমপ্রেস। আগামীকাল ভিড়বে জাহাজটি। এরপর শুরু হবে খালাস।









