ভারতে পঞ্চায়েত ভোট উপলক্ষে আজ শনিবার (৮ জুলাই) বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত।
শনিবার সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।
তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের কারণে আজ আমদানি-রফতানি বন্ধ রাখার কথা জানিয়েছেন ওপারের পেট্রোপোল এক্সপোর্ট-ইমপোর্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সমরেন্দ্র দাস।
সমরেন্দ্র দাস বলেন, ‘আজ শনিবার পঞ্চায়েত ভোটের কারণে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছেন। এতে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা ভোটের কাজে নিজ নিজ এলাকায় থাকবেন। তাই আমদানি-রফতানি বন্ধ থাকবে।’
তবে পেট্রাপোল কাস্টমস ও বন্দরের কাজ বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ইমিগ্রেশন ওসি আহসান হাবীব।








