খুলনায় বিএনপির তারুণ্যের সমাবেশে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দুটি চেয়ার ফাঁকা রাখা হয়েছে। চেয়ার দুটিতে দলটির দুই শীর্ষ নেতার ছবি রাখা হয়েছে।
সোমবার (১৭ জুলাই) বিকালে খুলনা শহরের সোনালী ব্যাংক চত্বরে এ সমাবেশ শুরু হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে তরুণ প্রজন্মকেও জাগ্রত করতে তাদের এ সমাবেশ। জাতীয়াতাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল এ সমাবেশের আয়োজন করেছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা ছিলেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। সভাপতিত্ব করছেন ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।
সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শেখ হাসিনার অধীনে নির্বাচন বন্ধে তরুণ সমাজকে ঝাঁপিয়ে পড়তে হবে। এই সরকারের অধীনে কোনও নির্বাচন হবে না। এ সরকার বাংলাদেশের মানুষকে জ্বালিয়ে শেষ করে দিয়েছে। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। নতুন নির্বাচনের মধ্যে নতুন সরকার গঠন করতে হবে। এক দফা এক দাবি বাস্তবায়ন না হলে রাজপথেই ফয়সালা হবে।’
ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ সভাপতির বক্তব্যে বলেন, ‘খুলনা থেকে শেখ পরিবারকে হলুদ কার্ড দেখানো হলো। আগামী ২২ জুলাই ঢাকার তারুণ্যের সমাবেশ থেকে শেখ হাসিনার পতন নিশ্চিত করা হবে।’








