বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেছেন, শেখ হাসিনা সরকার কচুপাতার পানি নয় যে ধাক্কা দিলেই পড়ে যাবে। দেশের জনগণ সরকারের সঙ্গে আছে। সবাইকে রাজপথে থাকতে হবে। সব অপশক্তিকে রাজপথে মোকাবিলা করে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে।
তিনি আরও বলেন, জাতির পিতাসহ ১৫ আগস্টের সব শহীদের খুনের মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান। সব কর্মকাণ্ডে তিনি স্বাক্ষর রেখে গিয়েছেন যে তিনিই হত্যাকারী। সেই অশুভ শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। আমি অনেকবার দাবি জানিয়েছি বঙ্গবন্ধু হত্যার তদন্ত কমিশন গঠনের। যাতে সব ষড়যন্ত্র জণগণের সামনে উপস্থাপিত হয়।
রবিবার (২০ আগস্ট) বেলা ১১টায় বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে ‘মুত্যুঞ্জয়ী মুজিব’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আইনমন্ত্রীর কাছে অতিদ্রুত বঙ্গবন্ধু হত্যার তদন্ত কমিশন গঠন করারও আহ্বান জানান।
এর আগে সকাল ১০টায় অনুষদ ভবনের নিচতলার জাতীয় শোক দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
সভায় বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশা।
প্রধান আলোচক ছিলেন ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, সম্মানিত অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।
এ ছাড়া ইবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অনুষ্ঠানটির উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান, ইবি ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়সহ বঙ্গবন্ধু পরিষদের ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









