নিয়মিত ওষুধ সেবন না করায় বকা দেওয়ায় বোন ও দুলাভাইয়ের ওপর অভিমান করে মধুমিতা মণ্ডল (২৭) নামে এক তরুণী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৮ আগস্ট) রাত ৮টা থেকে ১২টার মধ্যে হরিণটানা থানাধীন দক্ষিণ রাজবাঁধ গ্রামে হংসপতি মন্ডলের বসতঘরে এ ঘটনা ঘটে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) ও মিডিয়া অ্যান্ড কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত সোনালী সেন জানান, মধুমিতা পাঁচ বছর আগে স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়ি চলে আসেন। তারা তিন বোন। তার বাবা চিকিৎসার জন্য বর্তমানে ভারতে অবস্থান করছেন। নিজেও অসুস্থ ছিলেন।
তিনি বলেন, যথাসময়ে ওষুধ খেতো না। যে কারণে তার ছোট বোন মিতা ও বোনের স্বামী খগেন্দ্রনাথ মন্ডল রাগারাগি করেন। তাদের ওপর অভিমান করে বসতঘরের দরজা ভেতর থেকে লাগিয়ে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে রাতে আত্মহত্যা করেন। সংবাদ পেয়ে হরিণটানা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশ বসতঘর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।









