চুয়াডাঙ্গায় শ্বশুর-শাশুড়ি বিরুদ্ধে যৌতুকের দাবিতে মরিয়ম (২৩) নামে এক গৃহবধূকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। জেলার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের হারুকান্দিতে রবিবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। এরপর থেকে পলাতক রয়েছেন শ্বশুড়-শাশুড়ি। নিহত মরিয়ম উপজেলার হারুকান্দি গ্রামের শান্তি ড্রাইভারের স্ত্রী এবং একই উপজেলার ঘোলদাড়ী গ্রামের জান মোহাম্মদের মেয়ে।
নিহতের প্রতিবেশী রতন মিয়া সাংবাদিকদের জানান, রবিবার সকালে স্বামীর অনুপস্থিতিতে মরিয়মকে বাবার বাড়ি থেকে যৌতুকের ৫০ হাজার টাকা আনতে বলেন শাশুড়ি আরেজা বেগম। মরিয়ম টাকা আনতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শ্বশুর ছাত্তার ও শাশুড়ি আরেজা বেগম তাকে ঘরের ভেতর আটকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করে। পরে মুখে বিষ ঢেলে দেয়। এরপর তারা মরিয়ম এর সাড়ে ৪ বছরের ছেলে মোস্তাদিকে নিয়ে পালিয়ে যায়।
নিহত মরিয়ম এর বাবা জান মোহাম্মদ জানান, বিয়ের পর যৌতুক হিসেবে জামাইকে একটি করিমন দিয়েছি। এরপর আবার ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে মেয়েকে তার শ্বশুর-শাশুড়ি প্রায়ই নির্যাতন করতো। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা করবেন বলে তিনি জানান।
আলমডাঙ্গা থানার ওসি শেখ আতিয়ার রহমান জানান,আমি ঘটনাটি শুনেছি। অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
/জেবি/ এএইচ/আপ-এআর/








