চিকিৎসকদের ধর্মঘটের মধ্যে হাসপাতালে পাঁচ রোগীর মৃত্যু

খুলনা প্রতিনিধি
০৬ মার্চ ২০১৬, ১৮:০৭আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১৮:৪৯

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে শিশু সুমার সুষ্ঠু চিকিৎসা না পেয়ে হতাশ মা চম্পা তৃতীয়দিনের মতো চিকিৎসকদের ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। শনিবার সকাল থেকে রবিবার দুপুর পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ৫ রোগীর মৃত্যু হয়েছে।
জানা গেছে, নিহতদের মধ্যে একটি বেসরকারি ক্লিনিকের ডাক্তারও রয়েছেন। তার নাম ডা. অঞ্জন কুমার দাশ (৪৯)। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। অন্যরা হচ্ছেন- সড়ক দুর্ঘটনায় আহত হওয়া ফাতেমা (৫৫), হৃদরোগে আক্রান্ত অভয়নগরের আবু সুফিয়ান (২৬) ও সাতক্ষীরার নলতার ঝর্ণা বেগম (৫৫) এবং শ্বাষকষ্ট নিয়ে আসা সুমনা (১৫)।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগ-১ এর সিনিয়র স্টাফনার্স সৈয়দা রাবেয়া খানম জানান, শনিবার সকাল থেকে তার ওয়ার্ডে তিন জনের মৃত্যু হয়েছে। তারা মুমূর্ষু অবস্থায় ছিল।
হাসপাতালের মেডিসিন বিভাগ-২ এর স্টাফনার্স সেলিনা আফরোজ বলেন, রবিবার সকালেই তার ওয়ার্ডে একজন এমবিবিএস ডাক্তার মারা গেছেন। তিনি সংকটের মধ্যে ছিলেন।
হাসপাতালের সার্জারি বিভাগ-১ এর সিনিয়র স্টাফনার্স মাধবী মণ্ডল জানান, তার ওয়ার্ডে শনিবার রাতে একজন বৃদ্ধার মৃত্যু হয়। তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ছিলেন।

ফকিরহাটের পিলজঙ্গ এলাকার মো. জাহিদ মীর বলেন, পুকুরে ঝাপ দিতে গিয়ে বুকে ব্যথা পাওয়া চাচা আদীল মীরকে (৫০) শনিবার বিকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। এখানে তাকে মেডিসিন বিভাগ-১ এর বারান্দায় মেঝেতে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়েছে। কোনও ডাক্তার আসছেন না। ইন্টার্নি করা ছেলে-মেয়েরা এসে একবার দেখে কিছু ওষুধ লিখে দিয়ে গেছেন। নার্সরা এসে সেগুলো খাইয়ে দিয়ে যাচ্ছেন। তার অবস্থার কোনও উন্নতি হচ্ছে না।

দিঘলিয়া থেকে আসা দিলীপ রায় বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর হাত পা’সহ শরীরের বিভিন্ন হাড় ভাঙা অবস্থায় তার ভাইকে এক সপ্তাহ আগে এখানে ভর্তি করা হয়। কিন্তু ঠিকমতো ডাক্তার না আসায় অবস্থার কোনও উন্নতি হয়নি। ফলে ভালো চিকিৎসার জন্য তাকে রবিবার বের করা হয়েছে। এখন অন্য কোনও ক্লিনিকে নেওয়ার চেষ্টা করা হবে।

বার্ন ইউনিটের সিনিয়র স্টাফনার্স ফরিদা ইয়াসমিন বলেন, এখানে থাকা সব রোগীই গুরুত্বপূর্ণ। নার্সরা চেষ্টা চালিয়ে যাচ্ছে সাধ্যমতো সেবা দিয়ে রোগীদের সুস্থ রাখার। ইন্টার্নি ডাক্তারদের দেওয়া ব্যবস্থাপত্র অনুযায়ী তারা সেবা দিচ্ছেন।

 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি (রবিবার) রাত সাড়ে ৮টার দিকে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত অবস্থায় মেডিক্যাল অফিসার ডা. শেখ আবদুল্লাহ আল মামুনের ওপর চড়াও হয়ে বেদম প্রহার করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এসএম অহিদুজ্জামান। এ ঘটনায় চেয়ারম্যান অহিদুজ্জামানকে আসামি করে মামলা করা হয়। ডা. মামুন বাদী হয়ে মামলা দায়েরের পর পুলিশ এখনও অহিদুজ্জামানকে গ্রেফতার করতে পারেনি। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখা, প্রাইভেট মেডিক্যাল প্রাক্টিশনার্স অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) ও প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনেস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিসিডিওএ) যৌথভাবে গত বৃহস্পতিবার ধর্মঘটের ডাক দেয়। শুক্রবার বিরতির পর শনিবার থেকে আবারও এ ধর্মঘট চলে।

এদিকে রবিবার ধর্মঘট চলাকালে বিএমএ খুলনার উদ্যোগে নগরীতে পদযাত্রা কর্মসূচি পালিত হয়। পদযাত্রা শীববাড়ি মোড় থেকে আরম্ভ হয়ে শহীদ ডা. মিলন চত্বরে এসে শেষ হয়। পদযাত্রা শেষে খুলনা বিএমএর সভাপতি কেন্দ্রীয় বিএমএর সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলমের সভাপতিত্বে শহীদ ডা. মিলন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তৃতা রাখেন বিএমএ খুলনা জেলা শাখার সহ- সভাপতি ডা. মোল্লা হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক ডা. মো. মেহেদী নেওয়াজ, যুগ্ম সম্পাদক ডা. বঙ্গ কমল বসু, সাংগঠনিক সম্পাদক ডা. মো. মামুনর রশিদ, কোষাধ্যক্ষ ডা. প্রশান্ত কুমার বিশ্বাস, প্রচার ও জন-সংযোগ সম্পাদক সম্পাদক ডা. সুমন রায়, দপ্তর সম্পাদক আনোয়ার সাহাদৎ তুহিন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ডা.আনোয়ারুল আজাদ, ডা. ডালিয়া আক্তার, অধ্যাপক ডা. মনোজ কুমার বোস, ডা. মো. হাসান, ডা. কাজী করিম নেওয়াজ বিপিএমপিএ ও বিপিসিডিওএ খুলনা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি ডা.গাজী মিজানুর রহমান, একই সংগঠনের সাধারণ সম্পাদক ডা. সওকাত আলী লস্কর, কোষাধ্যক্ষ ডা. এম এ হান্নান প্রমুখ ।

সমাবেশ থেকে বিএমএ খুলনার সভাপতি ডা. বাহারুল আলম ঘোষণা করেন, সোমবার সকাল ৬টা পর্যন্ত এই ধর্মঘট চলবে। এরপর চিকিৎসকরা প্রশাসনের পদক্ষেপের জন্য বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করবে। এই সময়ের মধ্যে হামলাকারী ইউপি চেয়ারম্যান গ্রেফতার না হলে আগামী শনিবার থেকে আবারও ধর্মঘট পালনসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।

/এআর / এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের