যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন হোটেল দ্য জাবিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪ জন হয়েছে।
সোমবার (৫ আগস্ট) বিকাল ৪টার দিকে শহরের চিত্রার মোড়ে অবস্থিত ১৪তলা ওই হোটেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
যশোর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান। তিনি জানান, জাবির হোটেলে অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে বেলা ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. পার্থপ্রতীম চক্রবর্তী বলেন, ‘জাবির হোটেলে অগ্নিকাণ্ডে হাসপাতালের রেজিস্ট্রার অনুযায়ী মৃতের সংখ্যা ১৮ জন। শুনেছি গতকাল গভীর রাতে আরও কিছু পোড়া লাশ উদ্ধার করা হয়েছে।’
এদিকে, গতকাল সোমবার এ অগ্নিকাণ্ডের পর বিকাল ৫টার দিকে যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক রাশেদ খান বলেন, ‘অনেকদিন ধরে যশোরে আন্দোলন করে আসছি। যশোরে কোথাও সহিংসতার ঘটনা ঘটেনি। আজ আমাদের বিজয়ের দিনে এমন ঘটনা ঘটেছে, সেটি দুঃখজনক। সাধারণ শিক্ষার্থীরা এসব ঘটনা ঘটায়নি। যারা করেছে, তাদের রাজনৈতিক কোনও উদ্দেশ্য রয়েছে।’









