জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘এখন যে সরকার ক্ষমতায় আছে, তারা নির্বাচিত সরকার নয়। তাদের কাজ দেশ শাসন করা নয়। তাদের প্রধান কাজ হলো অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেওয়া।’
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলায় জলাবদ্ধ এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি। গোলাম পরওয়ার বলেন, ‘২০১৪, ২০১৮ ও ২০২৪-এর নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ লীগ ভোট দিয়েছে। আমরা ভোট দিতে গেলে বলা হয়েছে, ভোট দেওয়া হয়ে গেছে। এরকম ভোট আর বাংলাদেশে হতে দেওয়া হবে না। প্রয়োজনে আরও রক্ত দিতে প্রস্তুত আছি আমরা।’
নিত্যপণ্যের বাজার অস্থির হওয়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘নিত্যপণ্যের বাজারে এখনও আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের সিন্ডিকেট রয়েছে। এসব সিন্ডিকেট ভাঙতে না পারলে নিত্যপণ্যের দাম কমানো সম্ভব না। এসব আওয়ামী প্রভাবশালী সিন্ডিকেট নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণকে সরকারের মুখোমুখি দাঁড় করাতে চায়। সবাইকে এই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
উপজেলার থুকড়া ইসলামিয়া ওয়াজেদিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানা এবং চুকনগর নূরানিয়া ফাজিল মাদ্রাসা মাঠে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন তিনি। উপজেলা (দক্ষিণ) জামায়াতের আমির মোক্তার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি হাবিবুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মহানগরের আমির অধ্যাপক মাহফুজুর রহমান প্রমুখ।









