খুলনা আদালত চত্বর থেকে পালানো চুরির মামলার আসামি হৃদয়কে ৩ ঘণ্টার মাথায় গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ২টায় বাসে করে পালানোর সময় বাগেরহাটের কাটাখালী থেকে তাকে গ্রেফতার করা হয়। বেলা ১১টার দিকে খুলনা মহানগর হাকিম আদালত চত্বর থেকে দৌড়ে পালিয়েছিল হৃদয়।
এ ঘটনায় কোর্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) কৃপাসিন্দু, ৪ সহকারী উপপরিদর্শক (এএসআই) ও ২ কনস্টেবলকে অব্যাহতি দেওয়া হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) মনিরা সুলতানা বলেন, ‘২০২৩ সালের একটি চুরির মামলায় হৃদয় জেলহাজতে ছিল। বৃহস্পতিবার বেলা ১১টায় আদালতে নিয়ে আসার সময় সে পালিয়ে যায়। পরে তাকে কাটাখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে ৭ পুলিশকে অব্যাহতি দেওয়া হয়।’
পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের একটি চুরি মামলায় হৃদয় সরদারকে গত ১০ জুলাই দৌলতপুর থানা পুলিশ পাবলা দত্ত বাড়ি থেকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। বৃহস্পতিবার কারাগার থেকে মামলার হাজিরা দিতে তাকে খুলনা মেট্রোপলিটন আদালত চত্বরে নেওয়ার পথে বেলা ১১টার দিকে সে দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় পুলিশকে সতর্ক করে নিরাপত্তা জোরদার ও চেকপোস্ট বসানো হয়। বাগেরহাটের দিকে বাসে করে পালানোর সময় দুপুর ২টার দিকে হৃদয়কে কাটাখালী চেকপোস্টে ফকিরহাট থানা পুলিশ গ্রেফতার করে।









