মাগুরায় এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হিন্দু দেবীর ছবি ছুঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই কর্মকর্তা।

মাগুরার নতুন বাজার এলাকার ব্যবসায়ী অসীম কুমার দে জানান, মাগুরায় ইসলামী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রমের একটি অফিস শহরের নতুন বাজার এলাকার কালি মন্দিরে অবস্থিত। সেলিনা খাতুন ওই অফিসে সহকারী পরিচালক হিসাবে কর্মরত। অসীম অভিযোগ করেন, সহকারী পরিচালক সেলিনা খাতুন আজ মঙ্গলবার অফিসে প্রবেশ করেই কোনও কারণ ছাড়াই হিন্দু দেবদেবীর ছবি অফিসে রাখা যাবে না একথা বলে ছবিগুলো ছুঁড়ে ফেলে দেন।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিভিন্ন মন্দিরে নিয়োজিত সংখ্যালঘু শিক্ষক ও স্থানীয় সংখ্যালঘু ব্যবসায়ীরা ওই সহকারী পরিচালকের অফিস ঘেরাও করেন এবং তাকে অবিলম্বে অপসারণের দাবি জানান।
এ ব্যাপারে সহকারী পরিচালক সেলিনা খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ অভিযোগ অস্বীকার করেন এবং বলেন আমি কোনও ছবি ছুঁড়ে ফেলিনি। অফিস পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যই সাময়িকভাবে ওই ছবি নামানো হয়েছিল এবং তা আবার টাঙানো হয়েছে।
/টিএন/








