খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতাল থেকে এস এম মেহেদী হাসান নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দিনগত রাত ৯টায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে। পরে তাকে সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।
জানা গেছে, রাত ৯টার দিকে মেহেদী হাসপাতালের একটি ওয়ার্ডে ঘোরাফেরা করছিলেন। তাকে দেখে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের সন্দেহ হয়। একপর্যায়ে তাকে অহেতুক ঘোরাফেরার কারণ জানতে চাইলে তিনি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দেন। পরে পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে তাকে হাসপাতাল কর্তৃপক্ষ আটকে রাখে। এ সময়ে তার কাছ থেকে একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার হয়।
সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, রাত পৌনে ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ মেহেদী নামে একজনকে থানায় সোপর্দ করে। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আটক মেহেদী সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা এলাকার হাসানুর রহমানের ছেলে।









