কুষ্টিয়া সদর উপজেলায় আতিয়ার খাঁ (৬৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে লাশ ফসলের মাঠে ফেলে গেছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের ফসলের মাঠ থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আতিয়ার খাঁ সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের শ্যামপুর দুর্বাচার গ্রামের ঝড়ু খাঁর ছেলে। কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক আব্দুল আলীম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিসুর রহমান ঝন্টু বলেন, ‘সকালে ফসলের মাঠে আতিয়ারের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বাড়ি থেকে আধামাইল দূরে লাশ পাওয়া যায়। কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানা যায়নি।’
পরিদর্শক আব্দুল আলীম বলেন, ‘ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ মাঠে ফেলে গেছে। বিষয়টি তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’









