মেহেরপুর জেলা কারাগারে বন্দি গোলাম মোস্তফা (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত গোলাম মোস্তফা সদর উপজেলার মহাজনপুর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহাজনপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য।
কারা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৫ ডিসেম্বর রাতে সদর পুলিশের একটি অভিযানে গোলাম মোস্তফাকে গ্রেফতার করা হয়। ২০১৩ সালে ‘কথিত বন্দুকযুদ্ধে’ জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল্লাহ নিহত হওয়ার ঘটনায় হওয়া হত্যা মামলা ও সন্ত্রাসবিরোধী মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছিল। ২০২৪ সালের সেপ্টেম্বর তারিক সাইফুল্লাহর পরিবারের পক্ষ থেকে এই হত্যা মামলা হয়। শনিবার কারাগারে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন গোলাম মোস্তফা। উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
মেহেরপুর জেলা কারাগারের জেলার মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ‘বিস্ফোরক ও হত্যা মামলায় গোলাম মোস্তফা কারাগারে বন্দি ছিলেন। শনিবার সকালে হঠাৎ অসুস্থবোধ করলে দ্রুত প্রথমে জেনারেল হাসপাতাল ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’








