কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী ইসলামিক বক্তা আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ কপিরাইট স্ট্রাইকে সাইবার হামলার মাধ্যমে অপসারণ করা
হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কুষ্টিয়া শহর শাখা জামায়াতের আমির এনামুল হক বিষয়টি জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, আমাদের সব অনুসারী, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ গত কয়েকদিন ধরে একটি সংঘবদ্ধ অপশক্তির পরিকল্পিত ভুয়া কপিরাইট স্ট্রাইক ও সাইবার আক্রমণের শিকার হয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা কর্তৃপক্ষ সাময়িকভাবে পেজটি অপসারণ করেছে। এটি কোনও নীতিমালা লঙ্ঘনের কারণে নয় বরং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ ও ভুয়া রিপোর্টিংয়ের ফলে হয়েছে।
বিজ্ঞপ্তিতে এনামুল হক আরও জানান, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মানুষের ভালোবাসা, সমর্থন ও ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল এই ন্যক্কারজনক কাজটি করেছে। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই, ফেসবুক থেকে একটি পেজ সরিয়ে দিলেও মানুষের হৃদয় থেকে আমির হামজাকে সরানো যাবে না ইতোমধ্যে পেজ পুনরুদ্ধারের জন্য মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় সব তথ্য ও প্রমাণ উপস্থাপনের প্রক্রিয়া চলমান আছে। আমাদের সমর্থকদের প্রতি অনুরোধ ভুয়া আইডি, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ও সচেতনতা বজায় রাখুন।
এ বিষয়ে এনামুল হক বলেন, ‘আজ জোহরের নামাজের পর আমাদের এমপি প্রার্থী মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ অপসারণ করা হয়েছে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলমান আছে।’








