কুষ্টিয়া শহরে দিনদুপুরে সানি শেখ সাগর নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
রবিবার (০৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের চৌড়হাস পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানি শেখ (২৭) একই এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। তিনি পেশায় রংমিস্ত্রির শ্রমিক ছিলেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এলাকায় মাদক ব্যবসা নিয়ে সানি শেখের সঙ্গে কয়েকজনের বিরোধ ছিল। সম্প্রতি একটি মামলায় কারাগার থেকে বের হন সানি। মাদক কেনাবেচা নিয়ে বিরোধে খুন হতে পারেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া শহরে একটি কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন সানি শেখ। বাড়ি থেকে মাত্র ২০০ গজ দূরে কোল্ডস্টোর গলিতে একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে তারা সেখান থেকে পালিয়ে যায়। পরে কয়েকজন পথচারী গুরুতর আহত অবস্থায় সানিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গের সামনে সানি শেখের খালাতো ভাই তৌফিক ইসলাম বলেন, ‘আজ বেলা সাড়ে ১১টার দিকে সানির বন্ধু ভিকি, বিজয়, হৃদয়সহ আরও কয়েকজন মিলে আমাকে মারধর করে। তারা হুমকি দিয়ে বলে, ‘তোর ভাইকে ডেকে নিয়ে আয়। তাকে খবর দে, বল তোকে মেরেছি।’
এরপর সানি শেখকে খুঁজতে বের হন তৌফিক। তিনি আরও বলেন, ‘কিছুক্ষণ পরেই ফোন আসে, বলা হয় সানি ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার লাশ হাসপাতালে আছে। দৌড়ে হাসপাতালে গিয়ে ভাইয়ের লাশ দেখি। ভাইয়ের সঙ্গে তাদের কী নিয়ে দ্বন্দ্ব, আমি তা জানি না। আমাকে মারলে ভাই ছুটে আসবে, সে জন্য আমাকে মেরেছিল তারা।’
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হোসেন ইমাম বলেন, ‘হাসপাতালে আসার আগেই সানি শেখ নামের ওই যুবকের মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের অসংখ্য কোপের চিহ্ন রয়েছে। বিশেষ করে গলায় ক্ষত চিহ্ন বেশি।’
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘ওই যুবকের কাঁধ, পিঠ, পেটসহ শরীরের বেশ কয়েক জায়গায় কোপের অসংখ্য চিহ্ন রয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্ত করা হবে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় হত্যা মামলা হবে।’








