খুলনায় শুক্রবার জুমাতুল বিদার দিনে আড়াই ঘণ্টাব্যপী প্রথম কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি হয়েছে। এ সময় বজ্রসহ বাতাসও ছিল। বৃষ্টিতে মহানগরীর রাস্তাঘাট ধুলামুক্ত হয়। শহরজুড়ে নেমে আসে শীতল পরিবেশ। তবে এমন পরিস্থিতিতে খুলনা সার্কিট হাউজ ময়দানসহ বিভিন্ন এলাকায় ঈদগাহের খোলা ময়দানে ঈদ জামাত আয়োজন করা নিয়ে উদ্বেগ ও শঙ্কা দেখা দিয়েছে।
গোবরচাকার বাসিন্দা আজমল হুদা বলেন, ‘কালবৈশাখী ঝড় হলেও বৃষ্টিতে স্বস্তি নেমেছিল। কিন্তু এমন বৃষ্টি হলে খোলা ময়দানে ঈদ জামাত আয়োজন বাধাগ্রস্ত হবে।’
খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘বৃষ্টির মধ্য দিয়ে বৃষ্টি মৌসুমের যাত্রা শুরু হলো। বিকাল সাড়ে ৩টায় শুরু হয়ে কালবৈশাখী চলে ৬টা পর্যন্ত। এ সময়ে ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাতাস শীতল ছিল। ফলে পরিবেশে শীতল অবস্থা বিরাজ করে। শনিবার ভোররাতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঈদের দিন সকালে স্বাভাবিক পরিবেশ বিরাজ করবে। তবে ঈদের দিন দুপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘ঈদের প্রধান জামাত খুলনা সার্কিট হাউজ ময়দানে সকাল ৮টায় আয়োজনের সব প্রস্তুতি রয়েছে। আবহাওয়া প্রতিকূল হলে খুলনা টাউন জামে মসজিদে সকাল ৮টায় প্রথম জামাত, ৯টায় দ্বিতীয় এবং সকাল ১০টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া খালিশপুর ঈদগাহ ময়দান এবং বসুপাড়া ইসলামাবাদ ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।’









