ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস (আপ) ট্রেনের চালক স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে হঠাৎ উধাও হয়ে গেছেন। এতে ১ ঘণ্টা ১০ মিনিট স্টেশনে আটকে থাকে ট্রেনটি। এর ফলে যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়। ১ ঘণ্টা ১০ মিনিট পর চালক ফিরে এসে ট্রেন চালু করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। দীর্ঘ সময় ট্রেনে আটকা পড়ে ভোগান্তির শিকার হন শত শত যাত্রী।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টা ৭ মিনিটে মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছে ট্রেনটি। নির্ধারিত দুই মিনিট বিরতির পর ট্রেন ছাড়ার সংকেত দেওয়া হলেও ট্রেনটি আর ছেড়ে যায়নি। পরে খোঁজ নিয়ে দেখা যায়, চালক ইঞ্জিনে নেই এবং ইঞ্জিনের দরজা বন্ধ অবস্থায় রয়েছে। এ অবস্থায় কেটে যায় ১ ঘণ্টা ১০ মিনিট।
এ ঘটনায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় তারা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার স্বার্থে স্টেশন মাস্টার ও কয়েকজন কর্মচারী সাময়িকভাবে সরে যান।
রেলওয়ে সূত্রে জানা যায়, ১ ঘণ্টা ১০ মিনিট পর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চালক মাহবুবুর রহমান স্টেশনে ফিরে আসেন। এ সময় সাংবাদিকরা তার অনুপস্থিতির কারণ জানতে চাইলে তিনি কোনও মন্তব্য না করে ইঞ্জিন চালু করেন। এরপর ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।
খুলনা থেকে ট্রেনে আসা শিক্ষার্থী বাপ্পি বলেন, ‘চালক স্টেশনে ট্রেন থামিয়ে গায়েব হয়ে যান। এরপর ১ ঘণ্টা ১০ মিনিট পর ফিরে আসেন। এতে যাত্রীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। শুক্রবার রাজশাহীতে আমার বিএসসি পরীক্ষা। নির্ধারিত সময়ে পৌঁছাতে না পারলে পরীক্ষায় অংশ নেওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলাম।’
এ বিষয়ে জানতে চাইলে সাগরদাঁড়ি ট্রেনের গার্ড শফিকুল ইসলাম বলেন, ‘খুলনা থেকে ট্রেন নিয়ে এসে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছাই। ক্লিয়ারেন্স দেওয়ার পরও ট্রেন না ছাড়ায় খোঁজ নিয়ে জানতে পারি, চালক ট্রেন রেখে চলে গেছেন। তবে তিনি কেন চলে গিয়েছিলেন, তা আমি জানি না।’
মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার শাহজাহান আলী বলেন, ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস সন্ধ্যা ৬টা ৭ মিনিটে স্টেশনে আসে। নির্ধারিত সময় শেষে ট্রেন ছাড়ার সংকেত দেওয়া হলেও চালককে ইঞ্জিনে পাওয়া যায়নি। ইঞ্জিনের দরজা বন্ধ ছিল এবং ইঞ্জিনও বন্ধ অবস্থায় ছিল। এরপর তাকে খুঁজতে শুরু করি আমরা। এক ঘণ্টারও বেশি সময় পর তিনি ফিরে এলে ট্রেনটি আবার রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।’









