বৈধভাবে সুন্দরবনে গিয়ে নিষিদ্ধ এলাকার খালে মাছ ধরার অভিযোগে ৭ জেলেকে আটক করেছে স্মার্ট পেট্রোল টিমের বনরক্ষীরা। সোমবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের বাদামতলা অভয়ারণ্য খাল থেকে আটক করা হয়।
এ সময় জেলেদের কাছ থেকে মাছ ধরা জালসহ দুটি নৌকা জব্দ করা হয়েছে।
আটক জেলেরা হলেন— আ. জলিল, জামাল গাজী, মনির গাজী, রিয়াদুল গাজী, মোশারেফ তালুকদার ও জাকির হাওলাদার। এদের সবার বাড়ি শরণখোলা উপজেলার বিভিন্ন গ্রামে।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের লিডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহলকালে সুপতি এলাকায় বাদামতলা খালে মাছ ধরতে দেখেন জেলেদের। বাদামতলা খালটি অভয়ারণ্য ঘোষিত। সেখানে মাছ ধরার অপরাধে আটক করা হয় তাদেরকে। তবে আটক জেলেরা বন বিভাগ থেকে বৈধ পাস (অনুমতিপত্র) নিয়েই মাছ ধরতে গিয়েছিলেন। তাদের কাছ থেকে জাল ও অন্যান্য মালামলসহ দুটি নৌকা জব্দ করা হয়েছে।
সুন্দরবন পূর্ব বনবিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, বৈধ পাস থাকলেও অভয়ারণ্যে প্রবেশ ও মাছ ধরার অপরাধে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে।









