৪৯ কোটি টাকার সরকারি টেন্ডার বর্জনের ঘোষণা

খুলনা প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৬, ২০:৪৫ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ২০:৪৫

বর্তমান বাজার দরের সঙ্গে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উন্নয়নকাজের প্রাক্কলিত মূল্য সামঞ্জস্যপূর্ণ নয়—এমন অভিযোগ তুলে আগামী ৭ অক্টোবরের প্রায় ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদার কল্যাণ সমিতি।

সোমবার (০৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা বাবলু।

সংবাদ সম্মেলনে বলা হয়, নির্মাণ সামগ্রী, জ্বালানি ও পরিবহন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে। বর্তমান এস্টিমেট রেটে কাজ করলে ঠিকাদারদের বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে।

ঠিকাদারদের দাবি, এলজিইডির প্রাক্কলনে এক ব্যারেল বিটুমিনের মূল্য ধরা হয়েছে প্রায় সাড়ে ১৩ হাজার টাকা। ভ্যাট-ট্যাক্স বাদ দেওয়ার পর ঠিকাদারদের হাতে থাকে প্রায় ১২ হাজার টাকা। অথচ বর্তমানে ১৫০ কেজির এক ব্যারেল বিটুমিনের বাজার দর প্রায় ১৯ হাজার টাকা।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত বছরের তুলনায় পাথরের দাম টন প্রতি প্রায় ৫০০ থেকে ১ হাজার টাকা বেড়েছে। গত বছর যেখানে পাথরের দাম ছিল ৪ হাজার ২০০ টাকা টন। বর্তমানে পরিবহন খরচ বাদেই তা ৪ হাজার ৭০০ টাকা। একইভাবে ইট, বালি ও কয়লার দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেন ঠিকাদাররা।

ঠিকাদারদের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর প্রতি হাজার ইটের দাম ছিল ৯ হাজার থেকে ১০ হাজার টাকা। বর্তমানে তা বেড়ে ১২ হাজার থেকে ১৩ হাজার টাকায় দাঁড়িয়েছে। কয়লার দাম গত বছর টনপ্রতি প্রায় ১৭ হাজার টাকা। বর্তমানে তা প্রায় ২৫ হাজার টাকা হয়েছে। আর বালুর দাম প্রতি ঘনফুট ৬০ টাকা থেকে বেড়ে ৮০-৮৫ টাকা হয়েছে বলে দাবি করা হয়।

ঠিকাদার নেতারা বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে নির্মাণ সামগ্রী ও পরিবহন ব্যয়ের ওপরও। ফলে বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্য না রেখে নির্ধারিত এস্টিমেট অনুযায়ী কাজ করলে ঠিকাদারদের জন্য তা আর্থিকভাবে টেকসই হবে না। দেশের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে এলজিইডির ঠিকাদাররা সরাসরি সম্পৃক্ত। কিন্তু মাঝারি পর্যায়ের ঠিকাদারদের জন্য ব্যাংক ঋণের পর্যাপ্ত সুযোগ না থাকায় অতিরিক্ত লোকসান নিয়ে কাজ করা তাদের পক্ষে সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে ঠিকাদাররা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানিয়ে বলেন, প্রতিটি উন্নয়ন প্রকল্পের টেন্ডারে বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে এস্টিমেট রেট পুনর্নির্ধারণ করা প্রয়োজন। এ দাবি বাস্তবায়ন না হলে আগামী ৭ অক্টোবর এলজিইডির আহ্বান করা প্রায় ৪৯ কোটি টাকার বিভিন্ন উন্নয়নকাজের টেন্ডার বর্জনের ঘোষণা দেন তারা। এ সময় গণমাধ্যমের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বিষয়টি সমাধানের দাবি জানান খুলনা জেলা এলজিইডি ঠিকাদার কল্যাণ সমিতির নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি জাহাঙ্গীর কবির বিশ্বাস, সিনিয়র সহসভাপতি মো. আজগর আলী খান, সহসভাপতি মো. আমীর হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর ফকির, কোষাধ্যক্ষ এস এম আলাউদ্দিন, নির্বাহী সদস্য মো. আলাউদ্দিন, পাইকগাছার সভাপতি মো. আব্দুস ছামাদ ও ডুমুরিয়া সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খান প্রমুখ।

 

/এএম/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী
রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী
বাদ সালমান আলী, পাকিস্তানের টি-টোয়েন্টি নেতৃত্বে নতুন মুখ
বাদ সালমান আলী, পাকিস্তানের টি-টোয়েন্টি নেতৃত্বে নতুন মুখ
দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-দোকানপাট খোলা রাখার সময় বাড়লো
দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-দোকানপাট খোলা রাখার সময় বাড়লো
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ