সন্ত্রাস দমনে যৌথবাহিনীর মহড়া চলার মধ্যেই খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ীসহ দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর আড়ংঘাটা থানার বুড়ির ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ঘের ব্যবসায়ীর নাম সোলায়মান ফকির ওরফে সোলাই। তার বয়স ষাটের বেশি। দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালালে তার পা, হাত ও ঘাড়ে গুলি লাগে। তাকে গুলি করে পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা আরও একটি গুলি ছোড়ে। ওই গুলিতে খালেক নামে এক ভ্যানচালক আহত হন।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. মনিরুল ইসলাম বলেন, ‘গুলিতে দুজন আহত হয়েছেন। রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার পা, হাত ও ঘাড়ে গুলি লাগে। পালানোর সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে খালেক নামে এক ভ্যানচালকও আহত হন। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।’
তিনি আরও বলেন, ‘মহানগরীর অন্য এলাকার মতো আমার থানা এলাকাতেও যৌথবাহিনীর মহড়া চলছে। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ পুরো এলাকায় জোরদার অভিযান চালাচ্ছে। ঘটনায় জড়িতদের ধরার চেষ্টা চলছে।’