বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, যাদের জিহ্বায় রক্তের স্বাদ, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না। তাই দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তাদের রক্ততৃষ্ণা আরও তীব্র হয়েছে, আরও গভীর হয়েছে। তারা এ দেশের গণতান্ত্রিক মানুষ এবং যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তাদের রক্ত ও জীবন এখনও ঝরাচ্ছে। ২০২৪ সালের জুলাই ও আগস্টের বিপ্লবে মাসুম বাচ্চাদের রক্ত পান করেও তারা ক্ষান্ত হয়নি। আবরার, মুগ্ধ, আবু সাঈদ, ওয়াসিক আকরাম, ফাইয়াজসহ ছোট ছোট বাচ্চারা— কেউ স্কুলে পড়ে, কেউ কলেজে পড়ে, কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ে— তাদের অকাতরে গুলি করে নিজের ক্ষমতা, নিজের সিংহাসন টিকিয়ে রাখতে চেয়েছিল।’
নড়াইলের কালিয়ায় মিছিলকালে আওয়ামী লীগের হামলায় নিহত কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্লা ও কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লার কবর জিয়ারত এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে তিনি এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘ছাত্র-জনতার প্রবল প্রতিরোধের মুখে সে (শেখ হাসিনা) পালিয়ে যাওয়ার পরও প্রতিবেশী দেশ থেকে তার ভেতরের অনুচরদের দিয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তার নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কালিয়ার শাহীন মোল্লা ও সোহেল মোল্লা। এই লাশ আমরা কোথায় রাখবো? তার মায়ের কাছে কী জবাব দেবো? তার স্ত্রীর কাছে কী জবাব দেবো? এই বেদনা, এই শোক নিয়ে আমরা যাচ্ছি। তবে আপনাদের বলে রাখি, অনেক চেষ্টা করেও কেউ এই দেশের স্বাধীনতা যেমন কেড়ে নিতে পারবে না, সার্বভৌমত্বও কেড়ে নিতে পারবে না। ঠিক তেমনি এদের বিচার হবে। বিচারের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।’
রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপি ক্ষমতায়। বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী। এই দেশে গণতান্ত্রিক পরিবেশ, শান্তি, স্থিতিশীলতা ও মানুষের নাগরিক অধিকারের জন্য বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি লড়াই করেছে। সেইভাবেই দেশ পরিচালনা করছেন তারেক রহমান। যে দেশে আর কারও মায়ের বুক যেন খালি না হয়, আর কোনও স্ত্রী যেন স্বামীহারা না হন, কোনও বোন যেন ভাইহারা না হন, সেই লক্ষ্য সামনে রেখেই কাজ করছেন তারেক রহমান।’
শাহিনুর ও সোহেল হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেন, ‘অত্যন্ত কষ্টদায়ক ও হৃদয়বিদারক ঘটনার অবতারণা হয়েছে নড়াইলের কালিয়া উপজেলায়। ওরা গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য লড়াই করেছে। ওদের মর্যাদা শহীদের। আমি শাহিনুর রহমান ও সোহেলের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই ও মাগফিরাত কামনা করছি।’
এ সময় তার সঙ্গে ছিলেন নড়াইলের দায়িত্বপ্রাপ্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াদিউজ্জামান মিলুসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর (বুধবার) সন্ধ্যায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনগুলো মোটরসাইকেল মিছিল বের করে। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে বেন্দারচর এলাকায় পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়। হামলায় কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা ও কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন মোল্লা নিহত হন।
এ ঘটনায় থানায় এখনও মামলা হয়নি। তবে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে।