টিকটকের মাধ্যমে গড়ে ওঠা প্রায় ছয় মাসের সম্পর্কের টানে বাবা-মাকে সঙ্গে নিয়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে সোহাগের জীবনকে বিয়ে করেছেন কুয়ালালামপুরের তরুণী নূর হায়াতি।
দীর্ঘ ১৫ বছরের প্রবাস জীবনের ইতি টেনে দেশে ফেরার পর নতুন এক অধ্যায়ের সূচনা হলো যশোরের শার্শার সোহাগ। উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামে তার বাড়ি।
প্রবাস জীবনের একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয় হয় মালয়েশিয়ার কুয়ালালামপুরের তরুণী নূর হায়াতির সঙ্গে। টিকটকে শুরু হওয়া পরিচয় ধীরে ধীরে গড়ায় বন্ধুত্বে। একপর্যায়ে দুজনের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক।
সোহাগ হোসেন জানান, প্রথমে টিকটকে পরিচয়, এরপর কথোপকথন ও বন্ধুত্ব। এভাবেই ধীরে ধীরে একে অপরের প্রতি গভীর অনুভূতি তৈরি হয়। প্রায় ছয় মাসের সম্পর্কের মধ্য দিয়ে তাদের ভালোবাসা আরও দৃঢ় হয়। একপর্যায়ে ভার্চুয়াল জগতের পরিচয়কে বাস্তব জীবনের বন্ধনে রূপ দেওয়ার সিদ্ধান্ত নেন তারা।
নূর হায়াতি জানান, তিনি একা বাংলাদেশে আসেননি, সঙ্গে ছিলেন বাবা-মাও। গত ১৮ নভেম্বর পরিবারের সদস্যদের নিয়ে বাংলাদেশে আসেন তিনি। পরে যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামে সোহাগের বাড়িতে দুই পরিবারের সম্মতিতে বিয়ের আয়োজন করা হয়। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
মালয়েশিয়ার তরুণী নূর হায়াতি ও বাংলাদেশের যুবক সোহাগ হোসেনের এই বিয়ে ঘিরে এলাকায় তৈরি হয়েছে কৌতূহল। দুই দেশের দুই সংস্কৃতি ও ভিন্ন পরিবেশের মানুষ হলেও ভালোবাসার বন্ধনে এক হয়েছেন তারা।
দীর্ঘ প্রবাসজীবন শেষে সোহাগের জীবনে শুরু হলো নতুন অধ্যায়। অন্যদিকে ভালোবাসার মানুষের সঙ্গে সংসার গড়ার স্বপ্ন নিয়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছেন নূর হায়াতি। দুই পরিবারের সম্মতিতে সম্পন্ন হওয়া এই বিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে বাস্তব জীবনে একসঙ্গে পথচলার এক ব্যতিক্রমী গল্প হয়ে উঠেছে।