আগামী শনিবার (৩০ এপ্রিল) ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে বেলা ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্ভোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি। জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে চলছে সাজ সাজ রব।
শহরে শোভা পাচ্ছে নানা ধরণের ফেস্টুন ও ব্যানার। সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। পদ প্রত্যাশীরা শেষ পর্যায়ের লবিং-এ ব্যস্ত। প্রায় প্রতিদিন জেলার নেতারা সার্কিট হাউস ময়দান পরিদর্শন করছেন। এদিকে সম্মেলন সফল করতে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে ত্রিবার্ষিক সম্মেলনে অ্যাডভোকেট জহিরুল হক খোকা জেলা আওয়ামী লীগের সভাপতি হচ্ছেন বলে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে।
জেলার একাধিক দলীয় নেতাকর্মী বাংলা ট্রিবিউনকে জানান, সৎ,পরিশ্রমী ও ভালো মানুষ হিসেবে জহিরুল হক খোকাকে তারা সব সময় কাছে পেয়েছেন।
আরও পড়তে পারেন : ইন্টারনেটের দাম কমাতে বিটিআরসিকে সরকারের চিঠি
আগামী শনিবার সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সভাপতিমণ্ডলির সদস্য ও কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি, কাজী জাফরুল্লাহ, অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি, যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আ.ফ. ম. বাহাউদ্দিন নাসিম এমপি, আহমদ হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক ড. আব্দুর রাজ্জাক এমপি, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি, বিদ্যুত, খনিজ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি, অ্যাডভোকেট মোসলেম উদ্দিন এমপি, ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এমপি, অধ্যাপক ডা. এম আমান উল্লাহ এমপি, শরীফ আহমেদ এমপি, ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি, ফাতেমা জোহুরা রানী এমপি ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল।
/জেবি/








