নেত্রকোনার বারহাট্টায় স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই ব্যক্তির নাম মো. আব্দুল হাই (৪০), তিনি বারহাট্টা উপজেলার বাউসি ইউনিয়নের কডরপাড়া গ্রামের আকরাম আলীর ছেলে। শুক্রবার সকালে নিহতের শ্বশুরবাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় আটবছর আগে আব্দুল হাইয়ের সঙ্গে একই উপজেলার বড়ভিটা গ্রামের তোয়াচানের মেয়ে সুফিয়ার বিয়ে হয়। তাদের সাত বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই দিনমজুর আব্দুল হাইয়ের সঙ্গে সুফিয়ার ঝগড়া চলছিল। তারা একে অপরকে সন্দেহ করতো। এ নিয়ে একাধিকবার স্থানীয় জন প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সালিশ হয়েছে।
নিহতের ছোট ভাই আব্দুল বারেক জানান, গতকাল (বৃহস্পতিবার) বিকেলে সুফিয়া তার স্বামী আব্দুল হাইয়ের কাছে নগদ ২০ হাজার টাকা দাবি করেন। আব্দুল হাই টাকা দিতে রাজি না হওয়ায় সুফিয়া তাকে লোক দিয়ে দেখে নেওয়ার হুমকি দেন।
ছোট ভাই আব্দুল বারেক আরও জানান, সুফিয়া একাধিক ব্যাক্তির সঙ্গে পরকীয়ায় আসক্ত ছিলেন। আমার আপন চাচাতো ভাই কদ্দুছ মিয়া ও একই গ্রামের নোমান মিয়ার সঙ্গেও তার পরকীয়া প্রেম ছিল। কুদ্দুছ ও নোমান ঘটনার পর থেকে পলাতক রয়েছে। সুফিয়া তার লোকজন নিয়ে আমার ভাইকে মেরেছে।
স্থানীয় ইউপি সদস্য শান্তুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এদের পারিবারিক কলহের বিষয়ে একাধিকবার শালিস হয়েছে। গতকালও ওদের মধ্যে ঝগড়া হয়েছিলো বলে জেনেছি।
এদিকে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেমুজ্জামান জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর বলা যাবে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি।
আরও পড়ুন:
তাবিজ দেওয়ার নামে শিশুকে ধর্ষণ, আটক ১
/এমও/আপ-বিটি/








