শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী হালুয়াহাটি গ্রামে বন্যহাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাই ওরফে নাডু মিয়া (৬৫) ওই গ্রামের ছানু মণ্ডলের ছেলে।
হাতির আক্রমণে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক জানান, রাতে ৩০/৪০টি বন্যহাতির একটি দল খাবারের সন্ধানে পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে। স্থানীয় লোকজন আলোর মশাল জ্বালিয়ে, টর্চ লাইটের আলো ফেলে, ডাক-চিৎকার করে বন্যহাতি তাড়ানোর চেষ্টা করে। একপর্যায়ে হাতির দল বসতবাড়িতে উঠে আসলে কৃষক আব্দুল হাই ও তার স্ত্রী-সন্তান বন্যহাতির সামনে পড়ে। এ সময় দলের একটি হাতি আব্দুল হাইকে শুঁড়ে পেঁচিয়ে পায়ে পিষ্ট করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাকে উদ্ধার করতে গিয়ে স্ত্রী ও ছেলে আহত হন।
উল্লেখ্য, গত ২৯ জুলাই মধ্যরাতে ঝিনাইগাতি উপজেলার ছোট গজনি গ্রামে বন্যহাতির আক্রমণে পলিনেস সাংমা (৪৯) নামে এক কৃষকের মৃত্যু হয়।
/বিএল/








