নেত্রকোনার কলমাকান্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ জামায়াত-বিএনপির পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করীম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার নেতাকর্মীরা হলেন— উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইলাম রতন, যুবদল নেতা মাসুদ মিয়া, মো. রতন মিয়া, আজিজুর রহমান ও জামায়াত নেতা মান্নান ফরাজী।
পুলিশ জানায়, গ্রেফতার নেতাকর্মীদের নামে একাধিক নাশকতার মামলা রয়েছে। তাই শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনার নিন্দা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও দলীয় মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ‘নির্বাচনি প্রচার-প্রচারণায় বাধাগ্রস্ত করার জন্য পুলিশ এমন কাজ করছে।’







