জামালপুরে পুলিশ কর্মকর্তাসহ আরও তিন জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এই জেলায় মোট ৩৫ জন করোনা আক্রান্ত হলেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জামালপুরের সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, জামালপুর সদরে একজন পুলিশ উপ-পরিদর্শকের (এসআই) করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়া নারায়ণগঞ্জ থেকে
আসা বকশীগঞ্জ উপজেলার ধানুয়ার কামালপুরের দুজন বাসিন্দার দেহেও করোনা শনাক্ত হয়েছে। এছাড়া সরিষাবাড়ীতে নমুনা পরীক্ষায় আরও দুজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তবে তারা সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের (ইউপি) মাজনাবাড়ীর বাসিন্দা।
তিনি আরও জানান, মোট আক্রান্তদের মধ্যে ইসলামপুরের দুজন নারী নমুনা সংগ্রহের আগেই মারা যান এবং ময়মনসিংহ এস কে করোনা হাসপাতালে গত ২০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। ২২ এপ্রিল ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।







