করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির সময়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ছয় জন করোনা পজিটিভসহ ১১ রোগী মারা গেছেন। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে ময়মনসিংহের পাঁচ ও টাঙ্গাইলের একজন রোগী রয়েছেন। এছাড়া উপসর্গ নিয়ে ময়মনসিংহ ও গাজীপুরের দুই জন করে এবং জামালপুরের একজন রোগী মারা গেছেন।
১১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ২৭২ জন এবং আইসিইউতে ২২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৩৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে জেলার সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৭১৭টি নমুনা পরীক্ষায় ১৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা আট ৪৪০। এ পর্যন্ত সুস্থ হয়েছেন সাত হাজার ২২২ জন।








