ময়মনসিংহের হালুয়াঘাটের শাকুয়াই ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা শেষে যুবলীগ সদস্য মনির হোসেনকে (২৫) অস্ত্রসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দেশিয় অস্ত্র কিরিচসহ তাকে আটক করে পুলিশ।
হালুয়াঘাট থানার ওসি শাহিনুজ্জামান খান জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালীন সহিংসতা রোধে রাতে টহল চলছিল। এ সময় শাকুয়াই রায়বাগ এলাকার সড়কে তল্লাশি করে ইউনিয়ন যুবলীগের কর্মী মনিরের কাছ থেকে একটি কিরিচ পাওয়া যায়। তাকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে মনিরকে জিজ্ঞাসাবাদের পর আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
শাকুয়াই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহেদ আলী জানান, রাত সাড়ে ১০টার পর রায়বাগ গ্রামের কালামের বাড়ি থেকে বৈঠক শেষে সবাই বের হয়। সড়কে পুলিশ তল্লাশি চালিয়ে মনিরের কাছ থেকে একটি কিরিচ সদৃশ চাকুসহ আটক করে পুলিশ। কেন অস্ত্রসহ নির্বাচনি প্রচারণায় এসেছিল সে বিষয়ে জানা নেই বলে জানান।








