ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে রবিবার (১৫ নভেম্বর) থেকে এসএসসি বা সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এ বছর বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে মানবিক শাখায়। পরীক্ষা কার্যক্রম শেষ হবে ২৩ নভেম্বর। সকাল-বিকাল দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে আগেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
ময়মনসিংহ শিক্ষাবোর্ডের তথ্যমতে, বিভাগের ১৪৭টি কেন্দ্রে চলতি এসএসসি বা সমমানের পরীক্ষায় মোট এক লাখ ৩২ হাজার ৯৭২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এদের মধ্যে বিজ্ঞানে ৪২ হাজার ৫১৫ জন, মানবিকে ৭৮ হাজার ৯১২জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১১ হাজার ৫৪৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
এদিকে জেলায় বিজ্ঞান বিভাগে ১৯ হাজার ৩৮২ জন, মানবিকে ৩৪ হাজার ২২৯জন এবং ব্যবসায় বিভাগের পাঁচ হাজার ৭১৫ জন পরীক্ষার্থী রয়েছেন। নেত্রকোনা জেলা থেকে বিজ্ঞান বিভাগে তিন হাজার ২০৫ জন, মানবিক বিভাগের ১৯ হাজার ৭৬১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৯৭৯ জন পরীক্ষায় বসছেন।
জামালপুর জেলা থেকে বিজ্ঞান বিভাগে ১১ হাজার ৪৪০ জন, মানবিকে ১৬ হাজার ৭৭৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে তিন হাজার ৮০৪ জন পরীক্ষার্থী রয়েছেন। এছাড়া শেরপুর জেলায় বিজ্ঞান বিভাগে আট হাজার ৪৮৮ জন, মানবিক বিভাগে আট হাজার ১৪৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে এক হাজার ৪৭ জন পরীক্ষায় বসছেন।
এদিকে ময়মনসিংহ শিক্ষাবোর্ডে মোট ৬৭ হাজার ৭৮২জন ছাত্র এবং ৬৫ হাজার ১৯০জন ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. হাজী হাসান কামাল বাংলা ট্রিবিউনকে জানান, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার সব ধরনের প্রস্তুতি রয়েছে। পরীক্ষা সুষ্ঠু করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ রয়েছে বলে জানান তিনি।








