স্বাস্থ্যবিধি মেনে ময়মনসিংহের প্রায় দুই হাজার মাঠে অনুষ্ঠিত হবে ঈদুল আজহার নামাজ। তবে করোনার সংক্রমণরোধে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কোলাকুলি না করার আহ্বান জানানো হয়েছে।
শনিবার (৯ জুলাই) ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহের পরিচালক মো. আজমল হক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ময়মনসিংহের প্রায় দুই হাজার মাঠে ঈদ জামাত হবে। ঈদের নামাজ শেষে কোলাকুলি করাটা আমাদের পুরনো অভ্যাস। কিন্তু কোলাকুলি করতে হবে, হাদিসে কোথাও নেই। তাই করোনার সংক্রমণরোধে কোলাকুলি না করে সালাম দেওয়াটাই উত্তম। এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সবাইকে জায়নামাজ নিয়ে মসজিদে আসতে হবে। পাশাপাশি মাস্ক পরা বাধ্যতামূলক, মাঠে সাবান পানিসহ থাকবে, হাত ধোয়ার ব্যবস্থা আছে।’
আজমল হক আরও বলেন, ‘ময়মনসিংহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল পৌনে ৯টায়।’
এছাড়া আকুয়া মার্কাজ মসজিদের মাঠে সকাল ৭টা, ময়মনসিংহ মার্কাজ মসজিদ সকাল ৭টা, ঐতিহ্যবাহী বড় মসজিদে সকাল ৯টা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে সকাল সাড়ে ৮টায়, ভাটিকাশর জামে মসজিদে সকাল সাড়ে ৮টা, বলাশপুর জামে মসজিদ মাঠে সকাল ৯টা, সহিলা বুধবাড়িয়া জামে মসজিদ মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। জেলার ৭৩টি স্থানে বড় পরিসরে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।









